সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার মামলায় নতুন একটি অভিযোগ এনেছেন প্রসিকিউটররা। ওই নির্বাচনে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৭ আগস্ট) এই অভিযোগটি আনেন মার্কিন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। খবর রয়টার্সের।
গত বছর ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল। এতে তখন মোট চারটি অভিযোগ ছিল। তবে নতুন ‘সংশোধিত’ অভিযোগে আগের চারটি অভিযোগ থাকলেও সেগুলোর আওতা আগের চেয়ে কমানো হয়েছে।
এদিকে নতুন অভিযোগে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তাঁর পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর প্রেসিডেন্ট হিসেবে লড়াই করছেন ট্রাম্প।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে আশা করা হচ্ছে। তখন মামলাটি কীভাবে এগোবে, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
এর আগে এই মামলায় গত ১ জুলাই ট্রাম্পকে দায়মুক্তি দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতাবলে তিনি এই দায়মুক্তি লাভ করেন বলে জানিয়েছিল দেশটির সর্বোচ্চ আদালত।
তাই সুপ্রিম কোর্টের এই দায়মুক্তির রায়ের ওপর ভিত্তি করেই নতুন অভিযোগের শুনানি করবেন জেলা বিচারক তানিয়া চুটকান। তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই মামলার বিচারকাজ এগোবে না বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নতুন এই অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। বলেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য স্মিথ একই মামলা নতুন করে উত্থাপন করেছেন।
পশ্চিম তীরে বড় ধরনের অভিযান শুরু ইসরায়েলের, নিহত ১১