ফ্রি কিকে রেকর্ড গড়ে রোনালদো বললেন ‘এটা কেবল শুরু’

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০২:১৮ পিএম

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে সৌদি আরবের লিগে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সহসাই যে তার অবসরের কোনো চিন্তা নেই, সেটাও সম্প্রতি বুঝিয়ে দিয়েছেন। এবার সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে গোল করে রেকর্ড গড়লেন সিআর সেভেন। এরপর জানালেন, এ তো সবে শুরু!

প্রথমার্ধে যোগ করা সময়ের ১০ম মিনিটে আল ফেইহার বক্সের সামনে ফাউলের কারণে ফ্রি কিক পায় আল নাসর। সেই কিক নিতে এসে বাঁকানো শটে নিজের ক্যারিয়ারের ৮৯৯ নম্বর গোলটি করে ফেলেন রোনালদো। ফ্রি কিক থেকে এটা ছিল রোনালদোর ক্যারিয়ারে ৬৪তম গোল। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ২৩ মৌসুম ফ্রি কিক থেকে গোল পেলেন রোনালদো।

ফ্রি কিক থেকে গোল করার তালিকায় রোনালদোর চেয়ে একধাপ এগিয়ে আছেন লিওনেল মেসি ও ডেভিড বেকহাম। ৭৭ গোল নিয়ে তালিকার শীর্ষে ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার জুনিনহো। ম্যাচটিতে নিজে গোল করার আগে একটিতে সহায়তাও করেছেন রোনালদো। শেষদিকে তার একটি শট ক্রসবারে লাগায় ৯০০তম গোলটি হয়নি। এরপর রোনালদো এক্সে লিখেছেন, ‘এটা কেবল শুরু। আল নাসর, চলো এগিয়ে যাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত