গুজরাটে প্রবল বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা, চারদিনে নিহত ২৮

  • প্রবল বৃষ্টিপাতে গুজরাটের অনেক অঞ্চল পানির নিচে, চারদিনে নিহত ২৮
  • বিশেষ করে ভাদোদরা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী 
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০:১৫ এএম

গত কয়েকদিনে প্রবল বৃষ্টিপাতে গুজরাটের বিস্তীর্ণ অংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গত চারদিনেই রাজ্যটিতে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।

এমনকি গতকাল বুধবার, টানা চতুর্থ দিন রাজ্যের অনেক অংশে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায়, সৌরাষ্ট্র এবং ভাদোদরা শহরের উপকূলীয় জেলাগুলিতে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রবল বৃষ্টিপাতে সৌরাষ্ট্র এবং ভাদোদরার উপকূলীয় অঞ্চলগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মরবিতে উত্তাল কঙ্কাবতী নদীতে একটি ট্রাক্টর ভেসে আটজন নিখোঁজ ছিল। তাদের মধ্যে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সরকারী তথ্য অনুযায়ী, বন্যার কারণে ২৮ হাজার ৪৯৫ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে এবং ১৮৫৬ জনকে বন্যার পানি থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজ্যের ১৪০টি জলাধার-বাঁধ এবং ২৪টি নদীতে পানি বিপদ চিহ্নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সৌরাষ্ট্র এলাকার উপরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে, যেটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের কারণেই গুজরাটে প্রবল বর্ষণ হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

যার ফলে বুধবার পর্যন্ত, গুজরাটে বার্ষিক বৃষ্টিপাত বেড়েছে ১০৬ শতাংশ। রাজ্যটির ৭৬টি জেলায় ১০০০ মিলিমিটারের বেশি এবং ১৩১টি জেলায় ৫০১-১০০০ মিমি বৃষ্টিপাত হয়েছে।

বিশেষ করে ভাদোদরা জেলা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী। বুধবার পর্যন্ত নদীর পানি শহরের বিভিন্ন অংশে প্লাবিত হয়েছে। গত দুই দশকে খুব কম বন্যা হয়েছে এমন কিছু এলাকাও পানিতে তলিয়ে গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ বৃহস্পতিবারও সৌরাষ্ট্রের বিভন্ন জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

এদিকে বন্যায় আটকে পড়া হাজার হাজার ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), এসডিআরএফ, আর্মি, এয়ারফোর্স এবং কোস্ট গার্ড দ্বারা ব্যাপক উদ্ধার ও ত্রাণ অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত