পেলেকে খোঁচা রোনালদোর, ‘আমার সব গোলের ভিডিও আছে’

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৩:০১ পিএম

ক্লাব ও দেশের হয়ে ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করতে মাত্র একটি গোল দরকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি স্পর্শ করতে চান হাজার গোলের রেকর্ড। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাবেক ইংলিশ তারকা রিও ফার্ডিনান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী রোনালদো তার গোল রেকর্ড গড়ারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

৪১ বছর বয়সেই ঐতিহাসিক মাইলফলক আসতে পারে বলে মনে করেন আল নাসরের পর্তুগীজ তারকা, ‘আমি এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চাই। যদি আমার কোনো ইনজুরি না থাকে, তাহলে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেটাই চাই। আমার মতে, ফুটবলে আমার সেরা কীর্তি হলো ৯০০ গোলে পৌঁছানো। এরপর আমার চ্যালেঞ্জ এক হাজার গোলে থাকা।’

রোনালদো তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ফার্ডিনান্ডের সঙ্গে সৌদি প্রো লিগে খেলার মান থেকে শুরু করে তার আবেগ এবং এটি থেকে উদ্ভূত সমালোচনার মতো বিষয়গুলিতে অকপটে কথা বলেছেন। যেখানে তিনি পেলে এবং আলফ্রেডো ডি স্টেফানোর মতো কিংবদন্তিদের নিজের গোলগুলিকে আলাদা হিসেবে দেখছেন। কারণ মহারথীদের সময়ে ক্যামেরা ততটা প্রচলিত ছিল না।

সৌদি আরবে খেলার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে রোনালদো বলেন, ‘তরুণ বয়সে স্পটলাইটে আসার পর থেকে তিনি যে চ্যালেঞ্জ সহ্য করেছেন তাতে এটি তুলনামূলকভাবে সহজ হয়েছে। কোনো দেশই নিখুঁত নয়, তাই আমার জন্য মানিয়ে নেওয়া সহজ ছিল এবং আমি সেখানে থাকতে পছন্দ করি। আমার মতে লিগ খুব, খুব ভালো।’

স্লোভেনিয়ার বিপক্ষে ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে ওঠার পর পেনাল্টি মিস করার পর কান্নাকাটি করার জন্য যে সমালোচনা হয়েছিলেন, এ বিষয়ে রোনালদো বলেন, ‘আমাকে বিশ্বের সবদেশের দর্শকরা ফলো করেন। আর সে কারণেই এটা ছড়িয়ে পড়েছে। সমালোচকরাও তাই সমালোচনা করেছেন।’

তিনি বলেন, ‘১১ বছর বয়স থেকে তিনি নিজের ওপর যে চাপ দিয়ে আসছেন, তারই ফল এই অশ্রু। আপনি যা করছেন তার প্রতি যখন আপনার আবেগ থাকে, তখন আপনি কেমন অনুভব করছেন তা নিয়ে উদ্বিগ্ন হওয়া যায় না। আমি ব্যর্থ হয়েছি কারণ ১১ বছর বয়স থেকেই আমি নিজের ওপর চাপ সৃষ্টি করেছি। সবাই আমাকে মনে করিয়ে দিয়েছে আমি বিশ্বের সেরা খেলোয়াড়, আমি সবসময় এভাবেই চিন্তা করি। কিন্তু যখন পেনাল্টি মিস করলাম, তখন আমার নিজের কাছে, সমর্থকদের এবং পরিবারের কাছে খারাপ লেগেছিল, লোকের সমালোচনার জন্য নয়।’

যদিও তিনি বুঝতে পারছেন যে তিনি তার ক্যারিয়ারের শেষের দিকে রয়েছেন, পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী শেষ পর্যন্ত কখন তার বুটজোড়া তুলে রাখবেন তা ভবিষ্যদ্বাণী করতে পারছেন না।

এই বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি না কবে শেষ করতে পারব। যখন আপনি বেশি খেলেন, আপনি অনেক কিছু শিখবেন। একটা জিনিস আমি শিখেছি, মুহূর্তটা উপভোগ করতে হবে। কারণ আপনি জানেন না আগামীকাল কী ঘটতে যাচ্ছে। আমি জানি আমাকে এখনও ভালো দেখাচ্ছে। যেদিন আমি অনুভব করতে শুরু করব যে আমি কিছুই আর করতে পারি না, আমি আমার ব্যাগ প্যাক করে চলে যাব। কিন্তু সেই সম্ভাবনা আপাতত অনেক দূরে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত