ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন এবং বাংলাদেশ স্বাস্থ্য সেবা সংস্কার পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের অপারেশন থিয়েটারে ৫০-৬০ জন বহিরাগত সন্ত্রাসীরা, ডাক্তার সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা করেছে। যেটা এই স্বাধীন দেশে কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তদন্ত ছাড়া, কোনো কিছু না জেনে কোনো ডাক্তারের গায়ে হাত তোলা অন্যায় এবং ফৌজদারি অপরাধ। আমরা পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন এবং বাংলাদেশ স্বাস্থ্য সেবা সংস্কার পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এর সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করতে হবে। দোষীদের আইনের আওতায় আনা না হলে এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করা না হলে ইমারজেন্সি অপারেশন ও চিকিৎসা ছাড়া সকল প্রকার অপারেশন এবং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

এদিকে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, হাসপাতালের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। ঘটনা শুরু হওয়ার পর থেকে পরিচালক, স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির টিম, আর্মি, সবাই উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন। ডাক্তারদের নিরাপত্তায় পুলিশ এবং আর্মি মোতায়েন করা হবে, সেইসাথে সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং ভলান্টিয়ারস থাকবে। পাশাপাশি দোষীদের ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত করে আইনগত ভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত