'ভাঙচুর' করতে একসঙ্গে আসছেন রোনালদো-কোহলি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। অনুসারীর দিক দিয়ে বিশ্বের তৃতীয় সেরা অ্যাথলেট ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে সবচেয়ে বেশি অনুসারী কোহলিরই।

এই দুজন দুই অঙ্গনের হলেও একটা জায়গায় মিল আছে রোনালদো ও কোহলির। দুজনের নামের পাশেই প্রতিনিয়ত যোগ হয় নানা রেকর্ড।

দুই খেলার এই দুই মহাতারকা যদি একসঙ্গে কোথাও যোগ দেন, তাতে যে রেকর্ড হবে তা বলাই যায়। রোনালদো ও কোহলি প্রথমবারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন অনলাইন আড্ডায়।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে। সেই পোস্টে দেখা যায় রোনালদো ও কোহলি পাশাপাশি বসে আছেন।

ফটোর ক্যাপশনে তারা লিখেছে, 'বিরাট কোহলি x ক্রিশ্চিয়ানো রোনালদো = গোট স্কয়ার। এটা মিস করার সাহস আছে? এ জুটি ইন্টারনেটে (রেকর্ড) ভাঙচুর করতে আসছে।'

ছবির সেটআপ দেখে বোঝা গেছে এটি রোনালদোর ইউটিউব অনুষ্ঠান। সম্প্রতি 'ইউআর ক্রিশ্চিয়ানো' নামে ইউটিউব চ্যানেল খুলেছেন সিআরসেভেন। পর্তুগিজ কিংবদন্তির নতুন চ্যানেলে প্রথম ২৪ ঘণ্টায় সাবস্ক্রাইবার দাঁড়ায় ১ কোটি ৯৭ লাখ, যা নাম লিখিয়েছে গিনেজ বিশ্বরেকর্ডে।

২৮ আগস্ট সাবেক ইংলিশ তারকা রিও ফার্ডিনান্ডের সঙ্গে আড্ডার একটি ভিডিও প্রচার করেন রোনালদো নিজের ইউটিউব চ্যানেলে। সেই একই সেটআপে বসা কোহলি ও রোনালদো।

দুই মহাতারকার আলাপের এ ভিডিও কবে আসবে, সেটা জানায়নি বেঙ্গালুরু। ধারণা করা হচ্ছে, প্রতি বুধবারের সূচি মেনে আগামী ৪ সেপ্টেম্বর আসতে পারে কাঙ্ক্ষিত ভিডিওটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত