অথচ লিটন 'নার্ভাস' ছিলেন শুরুতে !

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সকালে ২৬ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৭ নম্বরে নামা লিটন দাস মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৬৫ রানের জুটিতে রাওয়ালপিন্ডিতে গড়লেন অনন্য নজির। মিরাজ ৭৮ রান করে আউট হলেও সেঞ্চুরি হাঁকান লিটন। ২২৮ বলে ১৩ চার ৪ ছক্কায় খেললে ১৩৮ রানের ইনিংস। দল বেঁচেছে বড় লজ্জার হাত থেকে। সেই লিটন জানালেন ব্যাটিংয়ের শুরুতে নার্ভাস ছিলেন তিনি। 

দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের ইনিংস মূল্যায়ন করতে গিয়ে লিটন বলেন, 'আমি তো আশাই করিনি (সকালের সেশনের) পানি পানের বিরতির আগে আমাকে নামতে হবে। আমি কিছুটা নার্ভাস ছিলাম। মিরাজের সাথে আলাপ হচ্ছিলো ওরাতো (পাকিস্তান) মোমেন্টাম পেয়ে গেছে। আমরা ক্রিজে কিছু সময় কাটাই, দেখি কি হয়।'

টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে করা ১৪১ রানই লিটনের সেরা। তুলনা করতে গিয়েও আজকের ইনিংস নয়, শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসকে এগিয়ে রাখলেন কিপার ব্যাটার।

'সত্যি বলতে তেমন কিছু না। আমি শ্রীলঙ্কার সাথে ১৪১ রান করেছিলাম, ওই একই পরিস্থিতি। এটাকেও ভালো ইনিংস বলছি। আমিও ভাগ্যবান এমন একটা সুযোগ এসেছে। আমি খুশি।'

আজকের ইনিংস খেলার পথে কী ভেবেছেন লিটন জানাতে গিয়ে যোগ করেন, 'আমি কখনোই লম্বা চিন্তা ভাবনা করিনি। আমি যখন সাকিব ভাইয়ের সাথে শুরু করলাম, উনি দ্রুত আউট হয়ে গেছে। আমি আর মিরাজ দুজনেই নতুন। একটাই আলোচনা করছিলাম, খেলাটা কতটা লম্বা টানা যায়। কারণ তারা খুব ভালো বল করতেছিল। নতুন বল সবসময় চ্যালেঞ্জিং। আর তারা একটা মোমেন্টামে ছিল। আমাদের মধ্যে আলোচনা এটাই হচ্ছিলো কীভাবে আমরা মোমেন্টাম নিয়ন্ত্রণ করতে পারি।'

সব কৃতিত্ব নিজে একা না নিয়ে মিরাজকেই দিচ্ছেন লিটন, 'কৃতিত্বটা মিরাজকে দিতে হবে। আমিতো হাতে লাগার কারণে শট খেলতে পারছিলাম না। মিরাজ তাদের অনেকটা ব্যাকফুটে অরে দিয়েছে শট খেলে। আমার মনে হয় শুরুতে মিরাজের কয়েকটা বাউন্ডারি খেলার ছন্দ তৈরি করেছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত