আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। স্থানীয় সময় সোমবার (০২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
অবসরের বিষয়ে ইন্টার মায়ামির তারকা সুয়ারেজ বলেছেন, ‘অবসর নেওয়ার সঠিক মুহূর্তটি জানা যে কারও জন্যই গর্বের বিষয়। সৌভাগ্যবশত আমি সেই আত্মবিশ্বাস নিয়েই জাতীয় দল থেকে অবসর ঘোষণা করতে যাচ্ছি। আমার বয়স এখন ৩৭। আমি জানি, পরবর্তী বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক কঠিন। তবে আমার ভালোলাগার বিষয়টি হলো- আমি ইনজুরি কিংবা দলে ডাক না পেয়ে অবসরে যাচ্ছি না।’
২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি জাতীয় দলে অভিষেক হয় সুয়ারেজের। ওই ম্যাচে কলম্বিয়াকে তারা ৩-১ গোলে হারিয়েছিল। এরপর থেকে উরুগুয়ের দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান সুয়ারেজ। জাতীয় দলের হয়ে তিনি চারটি বিশ্বকাপ ও পাঁচটি কোপা আমেরিকায় খেলেছেন। ২০১১ সালে জিতেছিলেন কোপা আমেরিকার শিরোপা। সেটাই তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন। সর্বশেষ ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকায়ও তিনি অংশ নিয়েছেন।
উরুগুয়ের হয়ে ১৪২ ম্যাচ খেলে ৬৯টি গোল করেছেন সুয়ারেজ। জাতীয় দলের হয়ে অর্জন নিয়ে লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা বলেছেন, ‘আমি অনেক ভাগ্যবান যে, ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছি। তবে কোপা আমেরিকার শিরোপার সাথে আর কিছুর তুলনা হয় না। ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জেতার স্মৃতিটা আমার জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল।’
এর চেয়েও বেশি রান তাড়া করে টেস্ট জিতেছে বাংলাদেশ
‘মিথ্যা’ বলে ধরা পড়লেন উসমান খাজা
এসে গেলো চাঁপাই এক্সপ্রেস