হামলা অব্যাহত রাখলে বাকি জিম্মিরা ‘কফিনে’ ফেরত যাবে: হামাস

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে গাজায় আটক বাকি জিম্মিদের 'কফিনে করে' ইসরায়েলে ফেরত পাঠানো হবে। সংগঠনটি হুশিয়ারি দেয়, যেসব যোদ্ধা জিম্মিদের পাহারা দিচ্ছেন, তাদেরকে 'নতুন নির্দেশনা' দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

সোমবার এক বিবৃতিতে হামাসের কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেন, নেতানিয়াহু চাচ্ছেন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পরিবর্তে সামরিক অভিযানের মাধ্যমে জিম্মিদের মুক্ত করতে। এর অর্থ হলো জিম্মিদের পরিবারের কাছে শুধু তাদের কফিনগুলোই পৌঁছাবে। এখন পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা তাদের আপনজনকে মৃত না জীবিত, কীভাবে ফিরে পেতে চান।

তিনি আরও বলেন, নেতানিয়াহু এবং সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে বন্দীদের বিনিময় চুক্তিতে বাধা দিচ্ছে। তাই এসব বন্দীদের মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী দায়ী।

শনিবার গাজার দক্ষিণে রাফার একটি ভূগর্ভস্থ টানেলে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই ঘটনার পর থেকে বিক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলিরা। এই ঘটনার দুই দিন পর এলো হামাসের এই বক্তব্য।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন আক্রমণ চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যার পর প্রায় ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে। হামাসের আক্রমণের প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় ইসরায়েলের ভয়াবহ আক্রমণে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত