'তুমি সৌদি ক্লাবে কেনো, যাও তোমাকে দলে নেবো না'

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

২০১৮ সালে রোনাল্ড কোম্যানই নেদারল্যান্ডস জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন স্টেভেন বের্খভাইনকে। ৮ বছর পর সেই কোম্যান বলছেন, বের্খভাইনের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেছে। 

ঘটনা বের্খভাইনের আয়াক্স আমস্টার্ডাম ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দান করায়। কোম্যানের মতে, মাত্র ২৬ বছর বয়সেই বের্খভাইনের এই পদক্ষেপ প্রমাণ করে যে তার কাছে খেলার চেয়ে অর্থই বেশি গুরুত্বপূর্ণ। 'বের্খভানের জন্য জাতীয় দলের দরজা প্রায় বন্ধ। যখন তোমার বয়স ২৬, তখন তোমার লক্ষ্য হওয়া উচিত খেলা, টাকা নয়। সে চাইলে আয়াক্সে থাকতে পারতো। আয়াক্সের মতো ক্লাবে খেলা তো কোনো খারাপ না।' 

বছরে ৯০ লাখ ইউরোতে বের্খবাইন তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। আয়াক্সে তার বেতন ছিল মাত্র ৩৫ লাখ ইউরো। 

তবে কোচের এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন বের্খভাইন, 'আমি আর কোম্যানের অধীনে খেলতে চাই না। তিনি আমার সঙ্গে কথা না বলে প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন, যা মোটেও ঠিক হয়নি। একজন দায়িত্বশীল কোচ হলে তিনি আমাকে আগে ফোন করতেন এবং আমার গল্পটা শুনতেন।' বেখভাইনের দাবি, 'কোম্যান আমাকে মিডিয়ায় এমনভাবে উপস্থাপন করেছেন, যা আমার জন্য সম্মানজনক নয়। আমরা একসঙ্গে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি, তাই এমন সমালোচনা আমাকে হতাশ করেছে।'

কোম্যান এই ধরনের আচরণ করলে তার বিশ্বাসযোগ্যতা হারাবে বলেও মন্তব্য করেছেন বের্খভাইন। তিনি বলেন, 'কোম্যান এর আগেও কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে এমন মন্তব্য করেছিলেন, যা ‘অসম্মানজনক’ ছিল।'

জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচে ৮ গোল করেছেন বের্খভাইন। আয়াক্স অ্যাকাডেমি থেকে উঠে আসা এই মিডফিল্ডার পিএসভি থেকে টটেনহ্যাম হটস্পারে গিয়ে আয়াক্সে এসেছিলেন দুবছর আগে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত