সামাজিক মাধ্যকে ভিউ বাড়াতে হিরো আলমের উপর হামলা হয়েছে বলে দাবি বিএনপির। দলটির কেউ এ ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছে বগুড়া জেলা বিএনপি।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপি সভাপতি বাদশা বলেন, বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছে। রবিবার সকালে কোর্ট চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সাথে হিরো আলম এ ঘটনায় বিএনপিকে জড়িত করেছে সেটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির কোনো নেতা-কর্মীরা এর সাথে জড়িত নন। ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুশিয়ারি দিয়েছেন যে দখলবাজি, চাদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, যারা হামলা করেছে তারা আমাদের দলের কেউ নয়। কারা হামলা করেছে, তা ভিডিওতে দেখা যাচ্ছে।
হিরো আলমকে তারেক রহমানের নামে কটূক্তির অভিযোগ তোলার বিষয়ে তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে হিরো আলমের কটূক্তি করলে আমরা তার বিষয়ে অবশ্যই বিবৃতি দিতাম।
এর আগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কয়েকজন যুবক এই হামলা চালান বলে তিনি অভিযোগ করেন।
হিরো আলমকে মারধর, সঙ্গে কান ধরে উঠবস
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন সমন্বয়ক হাসনাত