হিরো আলমকে মারপিট মামলায় ৫ আসামির জামিন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ এএম

আদালতে মামলা করে ফেরার পথে মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারপিটের অভিযোগ দায়ের করা মামলায় ৮ আসামীর মধ্যে ৫ আসামির জামিন দিয়েছেন আদালত। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরের পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদিয়া আফসানা রিমা আসামিদের জামিনের আবেদন শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া ওই ৫ আসামি হলেন— বগুড়া সদর উপজেলার ফাঁপোড়ের হাতেম আলীর ছেলে শামীম, কুকরুলের দুলালের ছেলে সবুজ, দোগাড়িয়ার মৃত আশরাফ আকন্দের ছেলে উজ্জল, হাজরাদিঘীর সামছুলের ছেলে জাহাঙ্গীর ও গাবতলী উপজেলার বরুজ গ্রামের মান্নান মহুরীর ছেলে নাজমুল ওরফে সবুজ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে।

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার এরুলিয়ার আহম্মদ আলীর ছেলে হিরো আলম গত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (নন্দীগ্রাম-কাহালু) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের দিন ভোটকেন্দ্রে হামলাসহ মারপিটের অভিযোগ এনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু মন্ত্রী মো: ওবায়দুল কাদের, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেনসহ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের ৩৯ নেতা কর্মীর নাম উল্লেখ করে গত ৮ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। ওই মামলা দায়ের শেষে দুপুর ১২টার দিকে আদালতের এজলাস কক্ষ ত্যাগ করে আদালতের নীচ তলায় বারান্দার সামনে রাস্তায় পৌঁছালে তার ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় হিরো আলম বাদি হয়ে গত ১০ সেপ্টেম্বর ৮ জনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত