দুই গোল হজম করে ক্যামেরার ওপর রাগ ঝাড়লেন মার্তিনেজ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ এএম

প্রায় দশ মাস টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে পরাজয়ের স্বাদ পেল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে তারা ২-১ গোলে হেরেছে। আর্জেন্টিনার হজম করা দুটি গোলের একটি এসেছে পেনাল্টি থেকে। গোলপোস্ট আগলে রাখা পেনাল্টি ঠেকানোর মাস্টার খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ এবার ব্যর্থ। সেই রাগ তিনি ঝাড়লেন ক্যামেরার ওপর। 

ম্যাচ শেষে ভগ্ন মনোরথে মার্তিনেজ কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন। তখনই তার সামনে একটি ক্যামেরা দেখলে সেটাকে থাপ্পড় মেরে বসেন। মার্তিনেজের হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ চলে যায় অন্যদিকে। বিতর্কিত পেনাল্টির কারণে ক্ষুব্ধ হয়ে মার্তিনেজ এমন কাণ্ড করেছেন বলে দাবি করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। ক্যামেরায় থাপ্পড় মারছেন মার্তিনেজ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। এরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই থেকে সামান্য ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। খেলা ফের শুরু হলে রদ্রিগেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। হতাশ হয়ে পড়েন মার্তিনেজ। 

ফুটবল মাঠে এসব কাণ্ড অবশ্য আগেও করেছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’। ২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ের পর সেটি নিয়ে অশ্লীল ভঙ্গিতে উদযাপন করে বিতর্কিত হয়েছিলেন। এছাড়া গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মারাকানায় ব্রাজিল পুলিশের আক্রমণের শিকার হয়েছিল আর্জেন্টাইন সমর্থকেরা। উত্তেজিত মার্তিনেজে তখন কয়েকজন নিরাপত্তাকর্মীকে থাপ্পড় মেরেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত