প্রতিবেশীর ওয়াশিং মেশিনে শিশুর মরদেহ!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

সকাল থেকে বাড়ির বাইরে খেলছিল তিন বছর বয়সী শিশুটি। কিন্তু কিছুক্ষণ পর থেকেই আর তার সন্ধান মিলছিল না। খবর দেওয়া হয় থানায়। পুলিশও খোঁজাখুঁজি করে। অবশেষে আশপাশে তল্লাশি চালাতে গিয়ে চোখ যায় প্রতিবেশী এক মহিলার ওয়াশিং মেশিনে। সেটার মধ্যেই মিলল শিশুটির নিহর দেহ। 

গত সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে ভারতের তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত শিশুর নাম সঞ্জয়। স্থানীয় সূত্রে খবর, সঞ্জয়ের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল অভিযুক্ত নারীর। এদিন খেলতে খেলতে হঠাৎই বাড়ির সামনে থেকে উধাও হয়ে যায় সঞ্জয়। বহু খোঁজাখুঁজির পর পুলিশের দ্বারস্থ হন স্বজনরা।

সঞ্জয়ের বাড়ির উল্টো দিকেই ওই নারীর বাড়ি। সঞ্জয়ের খোঁজে পুলিশ তার বাড়িতে যায় । সেখানে গিয়ে ওয়াশিং মেশিনের দিকে পুলিশের নজর পড়তেই অস্বস্তিতে পড়ে যান অভিযুক্ত নারী। এরপর পুলিশ মেশিনটি খুলতেই তার ভিতর ছোট্ট সঞ্জয়ের মরদেহ দেখতে পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে মৃত শিশুর পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। কয়েক বছর আগে নিজের সন্তানকেও হারান ওই নারী। এরপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত শিশুর মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই জানা যাবে কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে।

জমি নিয়ে বিবাদের জেরে এই খুন হয়েছে কি না তা জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত