শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে একই এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ১১নং বলাইয়ের চর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, লালু খাঁ (৫৭) ও মোগর খাঁ (৭২)। তারা সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জংগলদীর বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জংগলদীর খাঁ বাড়ি ও সুতার বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ দুপুরে ফতু মুন্সির দোকানের মোড়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জংগলদী এলাকায় পুর্ববিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
