সাকিবের ফর্মে ফিরতে একটা ইনিংসই যথেষ্ট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পিএম

ক্যারিয়ারের শেষ লগ্নে এসে চোখের সমস্যায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। এর বড় প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে। বাইশ গজে বল হাতে তিনি দারুণ পারফর্ম করলেও ব্যাট হাতে ভুগছেন। ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। কিন্তু ব্যাট হাতে দুই ইনিংসে তার রান ১২ ও শূন্য। এই সমস্যার কি আদৌ কোনো সমাধান আছে? 

টানা ব্যাটিং ব্যর্থতার কারণে সেই অল-রাউন্ডার সাকিবকে আর দেখা যাচ্ছে না। এই বছর তিন টেস্ট খেলে পাঁচ ইনিংসে কোনো ফিফটি নেই সাকিবের। ১১টি টি-টোয়েন্টি খেলে একটি কেবল ফিফটি করতে পেরেছেন। চোখের সমস্যায় ব্যাটিং স্টান্স বদলে ফেলা ও দৃষ্টিকটূ হেড পজিশনের কারণে প্রতি ম্যাচেই তাকে ভুগতে দেখা যাচ্ছে। জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার অবশ্য মনে করেন, ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংস দূরে আছেন সাকিব। 

ভারত সিরিজের দল ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার হান্নান বলেন, ‘সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই। যেটা আমি বললাম, ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব ফর্মে নেই। তবে টেস্ট ক্রিকেটে একটা বিষয় কী, ফর্মে ফেরার সময় থাকে। টি-টোয়েন্টি, ওয়ানডেতে হয়তো সেই সময়টা থাকে না। ব্যাটসম্যানদের রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্টে সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের ক্রিকেটার, একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে, ফর্মটা ফিরে আসবে।’

হান্নানের মতে, প্রতিপক্ষ দল এখনো সাকিবকে অল-রাউন্ডার হিসেবেই বিবেচনা করে, ‘সবচেয়ে বড় সুবিধা হলো, সাকিব যদি দলে খেলে, সে ৫ বা ৬ নম্বরে ব্যাটিং করে। আমরা এখন পর্যন্ত সেভাবেই চিন্তা করেছি। এটা কিন্তু প্রতিপক্ষের জন্য চিন্তার ব্যাপার যে, সাকিব উইকেটে আছে। এই ২-৪-৫ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ বিচার করে না। আমরাও এভাবে বিচার করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের ক্রিকেটার। স্রেফ একটা ইনিংসের ব্যাপার। সময় নিয়ে সেটা করে ফেলতে পারলে, আমার মনে হয় তার ফর্মে ফিরে আসা সময়ের ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত