বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘লগান’ সিনেমাটি বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিল। অন্যয্য কর বাতিলের জন্য ব্রিটিশদের বিপক্ষে ক্রিকেট খেলা নিয়ে নির্মিত এই সিনেমার নায়ক আমির খানের সঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মার মিল খুঁজে পেয়েছেন সরফরাজ খান। বাংলাদেশ সিরিজের আগে তিনি অধিনায়ককে প্রশংসায় ভাসালেন।
ভারতের নতুন সেনসেশন সরফরাজ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রোহিত ভাই অনেক আলাদা। দলে সবাই যাতে স্বস্তিতে থাকে, তিনি সেই ব্যবস্থা করেন। তিনি বড় ভাইয়ের মতো। তার সঙ্গে আমরা প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারি। অনেকদিন বাইরে থেকে তাকে দেখেছি। এখন রোহিত ভাইয়ের অধীনে খেলি। আমাদের সঙ্গে মোটেই জুনিয়রের মতো ব্যবহার করে না। সবার সঙ্গে সমান ব্যবহার করে।’
এরপরই 'লগান' সিনেমায় 'ভুবন' চরিত্রে অভিনয় করা আমির খানের সঙ্গে রোহিতের তুলনা করে সরফরাজ বলেন, ‘লগান আমার খুব প্রিয় সিনেমা। সেই সিনেমায় আমির খান যেভাবে একটা দল তৈরি করেছিল, আমার চোখে রোহিত শর্মা এই ভারতীয় দলের আমির খানই।’
শুধু সরফরাজ নন, রোহিতের প্রশংসা করেছেন আর এক তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেলও, ‘তাকে টিভিতে দেখার সময় লোকে বলত, শট খেলার জন্য সে সময় পায়। তবে সামনাসামনি দেখলাম অন্য ব্যাপার। যে বলে আপনার শট খেলতে কষ্ট হবে, সেই ডেলিভারিই অনায়াসে দর্শকাসনে পাঠাতে পারে রোহিত ভাই। তার পুল শট তো বিখ্যাত। চোখের সামনে সেগুলো দেখা সত্যিই বিশেষ অনুভূতি।’
রোনালদোর উদযাপনের রাত ম্লান করলো আল আহলি
লিভিংস্টোন বীরত্বে সমতায় ফিরল ইংল্যান্ড