সমালোচনা করায় সাংবাদিকদের ‘বাপের জুতা পরা ছবি’ চেয়েছিলেন সালাউদ্দিন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কাজী সালাউদ্দিন যুগের অবসান হতে যাচ্ছে। আজ শনিবার এক সংবাদ সম্মেলন করে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানান কাজী সালাউদ্দিন। দেশের কিংবদন্তি এই ফুটবলারের বাফুফে অধ্যায় ছিল চরম বিতর্কিত। দুর্নীতি-অনিয়মের পাশাপাশি নিয়মিতই তিনি বিতর্কের জন্ম দিয়ে গেছেন।

২০২৩ সালের ১৪ এপ্রিল আর্থিক দুর্নীতির দায়ে বাফুফের সাবেক সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করেছিল ফিফা। এরপর সেই বছরের ২ মে বাফুফে ভবনে সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন কাজী সালাউদ্দিন। তার আগে তিনি সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এবং সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে একান্তে কথাও বলেন। পরে সংবাদ সম্মেলনে এসে জন্ম দেন বিতর্কের।

সাধারণত সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা তাদের হাতে থাকা রেকর্ডার যন্ত্রগুলো চালু করে দেন। যে কারণে মুর্শেদী-মানিকের সঙ্গে সালাউদ্দিনের কথাবার্তা ধরা পড়ে! ওই সময় দুই সহসভাপতিকে সালাউদ্দিন বলছিলেন, বাফুফেতে সাংবাদিক প্রবেশ করতে হলে বাবার ছবি লাগবে! তার ভাষায়, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মার। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে, জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।'

সালাউদ্দিনের এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে নিন্দার ঝড় ওঠে। সেদিন রাতেই এক ভিডিওবার্তার মাধ্যমে ওই বক্তব্যের জন্য ক্ষমা চান কাজী সালাউদ্দিন। চলতি বছর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি সভাপতির পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। এমনকী আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য বাফুফে নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন এবার সেই সিদ্ধান্তও পাল্টালেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত