যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজস্ব মাঠে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প।সেই সময়ই মাঠের কাছে গোলাগুলির ঘটনা ঘটে। একজন বন্দুকধারী গুলি চালায় সেখানে।
এই ঘটনাকে ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা হিসেবেই দেখছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। ঘটনার পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরা এবং রয়টার্স।
বিবৃতিতে এফবিআই বলেছে, ‘ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে এফবিআই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।’
রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, নিজ মালিকানাধীন মাঠে গলফ খেলছিলেন ট্রাম্প। তবে মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে ছিলেন ওই বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তাঁর বন্দুকের নল দেখতে পেয়ে গুলি চালালে ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান।
কর্মকর্তারা আরও জানান, প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখলে বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্থার কাছে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশ্বর্বর্তী মার্টিন এলাকা থেকে গাড়িটিসহ বন্দুকধারীকে আটক করা হয়।
তবে ওই বন্দুকধারী ট্রাম্পকেই গুলি চালিয়েছিলেন কিনা সম্মেলনে তা নিশ্চিত করেননি কর্মকর্তারা। তবে পর পর দুবার ট্রাম্পকে হত্যাচেষ্টা সাবেক এই প্রেসিডেন্টের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।
সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রেয়ান ওয়েসলে রুথ (৫৮) বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২০২৩ সালে নিউইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি।
সিক্রেট সার্ভিসের সদস্যরা বলছেন, ট্রাম্পের গলফের মাঠে গুলির ঘটনায় ব্যবহৃত একে–৪৭ রাইফেল বেশ শক্তিশালী। এটি দিয়ে ৮০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানা যায়।
মাত্র দুই মাস আগেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে।
এদিকে ট্রাম্পের গলফ মাঠে গুলির ঘটনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস একটি বিবৃতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেছেন, ‘তিনি (ট্রাম্প) নিরাপদে আছেন জেনে আমি খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই।’
