‘সাড়ে ১১ মিনিটেই’ ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা হুতির

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

ইয়েমেন থেকে ছোড়া দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব এবং বেন গুরিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির মধ্যাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

রোববার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে এ হামলা হয়। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গোষ্ঠীটি নতুন একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। যা মাত্র সাড়ে ১১ মিনিটে দুই হাজার ৪০ কিলোমিটার (১২৭০ মাইল) পথ অতিক্রম করে। ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো ক্ষেতে এবং একটি রেলস্টেশনের কাছে পড়েছিল।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগের কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডোম এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, কেউ হতাহত না হলেও নিরাপদে স্থানে আশ্রয় নিতে গিয়ে ৯ জন সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি একটি ইন্টারসেপ্টরের আঘাতে আঘাত হেনেছে এবং পুরোপুরি ধ্বংস না হয়ে বাতাসে টুকরো টুকরো হয়ে গেছে। এদিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের ওপর হামলার জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত