র‌্যাংকিংয়ে পয়েন্ট হারালো আর্জেন্টিনা-ব্রাজিল, অবনতি বাংলাদেশের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

এই সেপ্টেম্বর উইন্ডোতে মাঠের খেলায় ব্যস্ত ছিল জাতীয় দলগুলো। ফলে বিশ্ব ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫-তে কোন পরিবর্তন না এলেও পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। র‌্যাংকিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে ভুটানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলা বাংলাদেশের।

এই সময়ে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা। চিলিকে হারালেও কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারে আলবিসেলেস্তেরা। তাতে শীর্ষে থাকা আর্জেন্টিনার ১২.৪৬ পয়েন্ট কমেছে। পাঁচে থাকা ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে জয় পেলেও প্যারাগুয়ের বিপক্ষে হারে ১-০ গোলে। ব্রাজিলের কমেছে ১৩.৫৯ পয়েন্ট।

ফিফা উইন্ডোতে ভুটান সফরে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতলেও দ্বিতীয়টিতে একই ব্যবধানে হেরে যায়। বাংলাদেশের রেটিং পয়েন্ট ০.০৪ বাড়লেও দুই ধাপ নেমে ১৮৪ থেকে ১৮৬ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

সামনে এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। এই ড্র অনুষ্ঠিত হবে ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। তাই বাফুফে বাংলাদেশ দলকে সেপ্টেম্বর উইন্ডোতে দুটি ম্যাচ খেলতে থিম্পু পাঠিয়েছিল। এখন বিষয়টি হীতে বিপরীত হয়ে গেছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা দশে যথারীতি নিজেদের অবস্থান ধরে রেখেছে যথাক্রমে- আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া ও ইতালি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত