গত রাতে মোশাররফ করিমের সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি হাস্যোজ্জল একটি ছবি তার ফেসবুক আইডি ও ফ্যান পেইজে পোস্ট করেন। এরপর থেকে ঘনীভূত হচ্ছে গুঞ্জন!
মোশাররফ-অমিদের অনুসারীরা জানতে চাচ্ছেন, অমির পরিচালনায় কি মোশাররফ করিমকে দেখা যাবে কিনা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অমির পেজের কমেন্টবক্স চেক করলে দেখা যাচ্ছে, মশিউর রহমান নামে একজন লিখেছেন, হাসির নাটকের দুই গুরু। দুজনকে একসঙ্গে দেখে আশা করা যায় ভালো কিছু আসতে যাচ্ছে। রিফাত রাজ পরিচালক অমিকে উদ্দেশ করে লিখেছেন, মোশাররফ করিমকে নিয়ে কিছু বানান।
শরিফুল ইসলাম লিখেছেন, অনেকদিনের ইচ্ছে ছিল মোশাররফ করিম এবং অমি একসঙ্গে কাজ করবে। মনে হচ্ছে সেই আশা পূরণ হতে যাচ্ছে। এছাড়া বহু কমেন্ট চোখে পড়েছে যেখানে অনুসারীরা তাদের দুজনের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, মোশাররফ করিমকে ব্যাটারির গলির গ্যাঞ্জামে দেখতে চাই। আবার অনেকে অনুরোধ জানিয়ে লিখেছেন, মোশাররফ করিমকে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনে রাখা হোক।
সত্যি কি মোশাররফ করিমকে নিয়ে কাজ করতে যাচ্ছেন অমি? তবে এই প্রশ্নের উত্তর হ্যাঁ হবার সম্ভাবনা রয়েছে। অন্তত কাজল আরেফিন অমির সঙ্গে কথা বলে তাই জানা গেল। অমি বলেন, নির্দিষ্ট কোনো কাজের ব্যাপারে তার সঙ্গে আলাপ হয়নি। তার সঙ্গে মিট করে আলোচনার অনেকদিন থেকে ভাবছিলাম। ফাইনালি সময় করে দেখা হলো। তবে হ্যাঁ, আমার ইচ্ছে আছে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার। প্রতিটি পরিচালকের স্বপ্ন থাকে কিছু কিছু আর্টিস্টকে নিয়ে তারা একবার হলেও কাজ করবেন। আমার কাছে মোশাররফ ভাই তেমন আর্টিস্ট।
এই নির্মাতা বলেন, ১০ বছর আগে যখন ইফতেখার ফাহমী ভাইয়ের সহকারী ছিলাম তখন থেকে মোশাররফ ভাইয়ের সঙ্গে পরিচয়। আমাদের সৌভাগ্য তার মতো অভিনেতা আমরা পেয়েছি। ইচ্ছে আছে মোশাররফ ভাইয়ের সঙ্গে আগামীতে কাজ হতে পারে।
গোপনে সালমানের বাড়িতে যেতেন ঐশ্বরিয়া!