মধ্যপ্রাচ্যের দেশ ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী তেহরানের প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিকের কারণে বিস্ফোরণটি ঘটে।
ইরানের সরকারি গণমাধ্যম আইআরএনএ নিউজের বরাতে রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ-আলি আখন্দি রোববার বলেন, শনিবার রাতে খনির দুটি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। মিথেন এবং কার্বন মনোক্সাইড দ্রুত নির্গত হওয়ার কারণে কমপক্ষে ৩০ জন শ্রমিক দম বন্ধ হয়ে মারা গেছেন।
মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার শংকা জানিয়ে তিনি বলেন, ভূগর্ভস্থ অবস্থার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা বেশ কঠিন।
কয়লা খনির ভেতরে ২৪ জন শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে বলেও জানিয়েছে আইআরএনএ নিউজ। এছাড়া আরও ২৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার রাতে হঠাৎ মিথেন গ্যাস লিক হওয়ার সময় কমপক্ষে ৬৯ জন শ্রমিক খনির একটি টানেলে কাজ করছিলেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া খনিতে বিস্ফোরণের ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
২০১৭ সালে ইরানের একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০১৩ সালে, দুটি পৃথক খনির দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছিল। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়। নিরাপত্তা মানের ঘাটতি এবং খনির এলাকায় অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে।
প্রভাবশালী প্রার্থীদের পেছনে ফেলে দেওয়া সাধারণ এক রাজনীতিবিদ