দল ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে, প্রয়োজন বড় জুটির। রবিচন্দ্রন অশ্বিন আছে না? আট নম্বরে ব্যাট করতে নেমে ১৩৩ বলে ১১৩ রানের ইনিংস খেলে সেখান থেকে ভারতকে টেনে তুলেছেন। প্রতিপক্ষের জুটি ভাঙতে হবে, অশ্বিন তুলে নিলেন ৮৮ রানে ৬ উইকেট! একই টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট তো অশ্বিনকেই মানায়।
আজ শেষ হওয়া চেন্নাই টেস্টের ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অশ্বিন। এই অভিজ্ঞ স্পিনিং অল-রাউন্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা পাচ্ছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বছরের পর বছর অশ্বিন আমাদের জন্য অবদান রেখে যাচ্ছে। আমি ঠিক জানি না, এখানে যা বলব, তাতে দলে তার অবদানের পুরোটা প্রকাশ পাবে কি না। অশ্বিন এখানে আসবে এবং আপনি তার সঙ্গেই কথা বলুন। কী করেছে, সেটা বলার জন্য অশ্বিনই সঠিক ব্যক্তি।’
চেন্নাই টেস্টের চতুর্থ দিন সকালের প্রথম ঘণ্টায় বুমরা-সিরাজ-জাদেজাদের দারুণভাবে সামলেছেন সাকিব আর নাজমুল। প্রয়োজন ছিল উইকেটের। এগিয়ে এলেন সেই অশ্বিন। ফিরিয়ে দিলেন সাকিব, মিরাজ আর তাসকিনকে। আগের দিনের তিনটি মিলিয়ে মোট ৬ উইকেট নেওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসা অশ্বিনকে যখন তার অবদান নিয়ে প্রশ্ন করা হলো, বিনয়ের সঙ্গে তিনি বললেন, ‘এই টেস্ট ম্যাচে কী অবদান রেখেছি, সে বিষয়ে আমি সত্যি কিছু বলতে পারব না।’
সাকিবে স্বস্তি আর সাকিবের অস্বস্তি
বিশাল পরাজয়ে সিরিজ শুরু বাংলাদেশের