তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ফের যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের সফরে সেখানে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। রবিবার সস্ত্রীক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।
সেখানে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী জিলের হাতে রুপার কারুকার্য করা স্টিম ইঞ্জিনচালিত ট্রেনের মডেল ও পশমিনা শাল উপহার দিয়েছেন মোদি।
মোদি রুপার যে ট্রেনের মডেলটি উপহার দিয়েছেন, তাতে রয়েছে ভারতীয় রেলের ট্যাগ। ট্রেনটিতে প্রতীকীভাবে দিল্লি থেকে ডেলাওয়্যার রুটের দিক নির্দেশ করা রয়েছে। আমেরিকার এই ডেলাওয়্যার শহরের বাসিন্দা প্রেসিডেন্ট বাইডেন। এ বার সেখানেই বসছে কোয়াড সম্মেলন।
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রুপার ট্রেনের ওই মডেলটি তৈরি করেছেন মহারাষ্ট্রের শিল্পীরা। এতে রুপার পরিমাণ ৯২.৫ শতাংশ বলে জানা গিয়েছে। মডেলটির মাধ্যমে ভারতের ধাতুশিল্পের গৌরব তুলে ধরা হয়েছে।
প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিলকে পশমিনা শাল উপহার দিয়েছেন মোদি। জম্মু-কাশ্মীরের এই শালের ভুবনজোড়া খ্যাতি রয়েছে। হস্তশিল্পীদের দ্বারা তৈরি ঐতিহ্যবাহী ও কারুকার্যমণ্ডিত একটি বাক্সে ওই শালটি রাখা ছিল।
পশমিনা শালের সঙ্গে জড়িয়ে রয়েছে লাদাখের চাংথাঙ্গি ছাগলের গল্প। বরফে ঢাকা হিমালয়ের উপত্যকায় এই প্রাণীগুলোকে অবাধে বিচরণ করতে দেখা যায়। ওই ছাগলের গায়ের লোম বা পশম থেকে পশমিনা কথাটি এসেছে। জম্মু-কাশ্মীরের কারিগরদের হাতের জাদুতে তৈরি হয় পশমিনা শাল।
পশমিনা শালকে যে বাক্সে রাখা হয়, সেগুলির কারুকার্যও দেখার মতো। ঐতিহ্যগতভাবে ওই শালগুলোকে বাক্সবন্দি করেন কাশ্মীরি শিল্পীরাই। কাগজ ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হয় এই বাক্স। সেগুলোর গায়ে নকশা করেন শিল্পীরা।
ইতিহাসে প্রথম: শ্রীলঙ্কায় দ্বিতীয় দফায় ভোট গণনা