জয়ের সুবাস পাচ্ছে লঙ্কানরা, তবে রবীন্দ্র গলার কাঁটা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

গল টেস্টের চতুর্থ দিনে দেখা গেলো স্পিনারদের দাপট। নিউজিল্যান্ডের সামনে কঠিন পথ, শেষ দিনে জিততে তাদের লাগবে ৬৮ রান। আর শ্রীলঙ্কার দরকার ২ উইকেট, জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিকরা। তবে তাদের গলার কাঁটা হয়ে চোখ রাঙাচ্ছেন রাচিন রবীন্দ্র।

প্রেসিডেন্ট নির্বাচনের কারণে একদিন বিরতি দিয়ে গলে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। পুরো দিন দাপট দেখান স্পিনাররা। এজাজ প্যাটেল ছয় উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে অলআউট করেছে।

২৭৫ রানের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ড একশর আগেই চার উইকেট হারায়, যার তিনটি গেছে স্পিনারদের পকেটে। টম ব্লান্ডেলকে নিয়ে রাচিন রবীন্দ্র পঞ্চাশ ছাড়ানো জুটিতে সফরকারীদের পথে ফেরান।

তবে ৫৬ রানের এই জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন প্রবাথ জয়াসুরিয়া। গ্লেন ফিলিপসকেও ফেরান লঙ্কান স্পিনার। তারপর টানা দুই ওভারে রমেশ মেন্ডিস মিচেল স্যান্টনার ও টিম সাউদিকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন।

৪ উইকেটে ১৫২ রান করা দলটি ২০৩ রানে হারায় ৮ উইকেট! রাচিন লেজের ব্যাটারদের নিয়ে লড়াই করছেন। ৯১ রানে অপরাজিত তিনি। এজাজ ১৫ বল খেলে রানের খাতা খোলেননি। ৮ উইকেটে ২০৭ রানে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত