সাকিব শতভাগ ফিট ছিল, ব্যাটিংটা খুব ভালো লেগেছে: হান্নান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

মলিন পারফর্মেন্সের কারণে চেন্নাই টেস্টের প্রথম দিন থেকেই আলোচনায় সাকিব আল হাসান। ব্যাটে বড় রান পাননি। বল হাতে একেবারেই বিবর্ণ। এর মাঝে তার আঙুলে অপারেশনের খবর আসে। জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার বললেন, চেন্নাই টেস্টের আগে সাকিব শতভাগ ফিট ছিলেন। বড় স্কোর করতে না পারলেও সাকিবের ব্যাটিংটা ভালো লেগেছে বলেও জানালেন হান্নান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়। এটা বলতেই হবে। সবসময়ই আলোচনা থাকে যে, সাকিব যদি একাদশে থাকে তাহলে একাদশটা সাজানো আমাদের জন্য সহজ হয়। সেই জায়গা থেকে সাকিব এই ম্যাচেও খেলেছে। সাকিবের পারফর্মেন্স নিয়ে যদি জিজ্ঞেস করেন, তাহলে তার ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে।’

সাকিবের ব্যাটিংটা অনেকদিন ধরেই ভালো হচ্ছে না। চোখের সমস্যা যুক্ত হয়েছে। রাবার ব্যান্ড দাঁত দিয়ে টেনে ধরে ব্যাট করতে দেখা গেছে তাকে। সব মিলিয়ে সাকিবের ব্যাটিংয়ের উন্নতিই দেখছেন হান্নান, ‘সে সেভাবে ব্যাটিং করেছে, বাকিদের সঙ্গে যদি তুলনা করেন…. ওর আগের ম্যাচের ব্যাটিংয়ের চেয়ে এই ম্যাচে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। কঠিন সময় কীভাবে সামাল দিয়েছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, এটা সত্যি যে বড় রান করতে পারেনি। তবে সাকিব আমাদের দলের একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেই জায়গা থেকেই সে ম্যাচ খেলেছে।’

বাংলাদেশ দলে এখন বড় প্রশ্ন হলো, কানপুরে দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কিনা? জবাবে সাকিবকে ছাড়াও একাদশ সাজানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি হান্নান, ‘আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে, আর যদি মনে হয় না এই মুহূর্তে সাকিবকে ছাড়া… সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে, সে জায়গা থেকে জানেন সামনে তিনটা টি-টোয়েন্টি রয়েছে, সেটাও আমাদের বিবেচনায় থাকবে।  সবকিছু বিবেচনায় নিয়ে… যেহেতু চারদিন আছে, দুই দিন আমরা মাঠে থাকব, সেখানে আমরা আরও নিবিড় পর্যবেক্ষণ করব, তার ব্যাটিং-বোলিং জাজ করার চেষ্টা করব, তার কাছ থেকে মতামত নেব, তারপর সিদ্ধান্তে আসব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত