যাকে তাকে আসামি বানানোর কালচার বন্ধ হোক: আশফাক নিপুণ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ পিএম

নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করা হয়েছে। নির্মাতাকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আরেক নির্মাতা আশফাক নিপুণ। 

তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন,  রাফাত মজুমদার রিংকু আমাদের নির্মাতা ছোট ভাই। গতকাল রাতে কোনও এক ব্যাক্তির করা গায়েবী মামলায় গুলশান থানা পুলিশ তাকে আটক করেছে। অবিলম্বে রিংকুর মুক্তি চাই। গায়েবী মামলার নামে অজ্ঞাতনামা যাকে তাকে আসামি বানানোর কালচার বন্ধ হোক।

টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজ নির্মাণের জন্য দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন রিংকু। তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয়। 

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় রাফাত মজুমদার রিংকুকে। গুলশান থানার ওসি তৌহিদ আলম আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রিংকুর আটকের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন— আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।

এ অভিনেতা বলেন, নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন, তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।

তিনি বলেন, যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে, তাহলে এ পরিবর্তিত সময়ে সবার উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত