দূষিত বায়ুর শহরে কেমন উইকেট পাবে বাংলাদেশ?

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম

চেন্নাই টেস্টের স্পোর্টিং উইকেটে বাংলাদেশ তিন দিনের একটু বেশি সময়েই ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল। পরের টেস্ট কানপুরে শুরু হবে আগামী শুক্রবার থেকে। ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এই টেস্টের উইকেট ঘিরে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গ্রিন পার্কে উইকেট হবে কালো মাটির। অনেকটা মিরপুরের মতোই।

কানপুর এমনিতেই ভারতের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় সপ্তম স্থানে আছে। এখানকার স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ‘গ্রিন পার্ক’! এই টেস্টের জন্য এখানে তৈরি করা হয়েছে কালো মাটির উইকেট। মিরপুরের উইকেট কালো মাটির হওয়ায় সেখানে ব্যাটিং করা কঠিন, রান ওঠে না। বল আসে ধীরে। তবে কানপুরের উইকেটের আচরণ ঠিক তেমন হবে না বলেই জানিয়েছে ক্রিকইনফো।

গ্রিন পার্কের উইকেট কালো মাটির হলেও ফ্ল্যাট উইকেট হবে। বল মিরপুরের মতো এদিক-সেদিক না করে একটু থেমে সোজা ব্যাটে আসবে। নি:সন্দেহে ব্যাটিং সহায়ক হবে। তবে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররা সুবিধা পাবেন। তবে অস্বাভাবিক টার্ন থাকবে না। পেসারদের জন্য সকালে কিছুটা সুবিধা থাকলেও খুব একটা বাউন্স থাকবে না।

৭৯ বছর আগে নির্মিত গ্রিন পার্ক ভারতের সবচেয়ে পুরোনো ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি। ব্রিটিশ নারী ম্যাডাম গ্রিনের নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। এই নারী চল্লিশের দশকে সেখানে ঘোড়া চালনা শিখতেন। দিনশেষে এখানে স্পিনারদের দাপট থাকবে। গ্রিন পার্কে এর আগে ২ টেস্ট খেলে ১৬ উইকেট নিয়েছিলেন চেন্নাই টেস্টের নায়াক রবিচন্দ্রন অশ্বিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত