রাজধানী তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি জানিয়েছে ইরান সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে বুধবার ভোরে হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘আমরা আজ (স্থানীয় সময়) সকাল সাড়ে ছয়টার দিকে তেল আবিবে মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে একটি ‘কাদের ১’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি।’
গোষ্ঠীটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের হত্যা এবং লেবাননজুড়ে যোগাযোগ করার যন্ত্র পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করে। তাঁরা জানায়, এসব ঘটনার প্রতিশোধ হিসেবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
গাজা-ইসরায়েল যুদ্ধের পর থেকে এবারেই বড় পরিসরে হামলা শুরু করেছে দুই দেশ। হিজবুল্লাহ বলছে, তারা তেল আবিবের মোসাদ সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলাটি করেছে। এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্বে এবং ইসরায়েলি ভূখণ্ডে প্রথম ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর।
বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে হিজবুল্লাহ একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এখনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা রয়েছে তাদের।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি জানিয়েছে যে, তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় তেল হাবিবে আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।
