সাইফুজ্জামানের সম্পদ জব্দ করে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ ব্রিটিশ এমপির

  • টাকা পাচার অভিযোগের তদন্ত চেয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য আপসানা বেগম
  • ইউকে অপরাধ সংস্থার কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই এমপি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য আপসানা বেগম।

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি আপসানা বেগম। তদন্তের পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদগুলো জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পাঠানো ওই চিঠিতে লেবার পার্টির নেতা লিখেছেন, ‘আমি জানতে চাই, যুক্তরাজ্যে যেসব সম্পত্তি ও সম্পদ বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্যদের দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জিত হতে পারে, সেগুলোর বিষয়ে জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কী পদক্ষেপ নিচ্ছে।’

চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উল্লেখ করে আপসানা বেগম বলেন, ‘বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে কর জমা সংক্রান্ত তদন্ত চলছে। অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি দাবি করেছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচার করেছেন।’

চিঠিতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ফাইনান্সিয়াল টাইমস, আল-জাজিরার তথ্যের সূত্র দিয়ে তিনি বলেন, ‘এইচএম ল্যান্ড রেজিস্ট্রি এবং ইউকে কোম্পানি হাউসের রেকর্ডগুলোতে দেখা গেছে, সাইফুজ্জামান চৌধুরী ১৫ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের কমপক্ষে ২৮০টি সম্পত্তি অর্জন করেছে। এমনকি আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইমহাউসে ৭৪টি সম্পত্তির মালিক হয়েছেন তিনি।’

এসব সম্পত্তি বাংলাদেশের উল্লেখ করে সেগুলো বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

চিঠির শেষাংশে আপসানা বেগম লেখেন, আমি নিশ্চিত আপনি একমত হবেন যে এই তহবিল জব্দ করা ও ফেরত দেওয়া শুধু ন্যায়বিচার ও বাংলাদেশের জনগণের অধিকারের ভবিষ্যতের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্যও প্রযোজ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত