ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট চলাকালীন সাকিব আল হাসানকে নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়েছিল। ব্যাটিং কিংবা বোলিংয়ে তার বাজে পারফর্মেন্স সমালোচনার জন্ম দেয়। তারপর হুট করে জানা যায়, সাকিব নাকি চোটাক্রান্ত। চোট নিয়েই খেলছেন! ম্যাচ শেষে কানপুর টেস্টে সাকিবের খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। তাকে বাদ দেওয়ার মতো আলোচনাও উঠে আসে।
জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারও জানিয়েছিলেন, বল করার সময় আঙুলে চোট পেয়ে ব্যথা অনুভব করেছেন এই তারকা। হান্নান বলেছিলেন, ‘কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’
এবার কানপুরে গিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, দলের শীর্ষ তারকাকে নিয়ে কোন শঙ্কা নেই। তিনি খেলার জন্য প্রস্তুত। আজ বুধবার কানপুরে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘'সাকিবের সম্পর্কে বলব তাকে নিয়ে এই মুহূর্তে কোন সংশয় নেই। আমি ফিজিও বা কারো কাছ থেকে কিছু শুনিনি। কাজেই সে খেলার জন্য প্রস্তুত।’
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানুপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। এই মাঠের উইকেটে স্পিনারদের সহায়তা থাকবে বলেই শোনা যাচ্ছে। তাই সাকিব নিঃসন্দেহে হয়ে উঠতে পারেন বাংলাদেশের বড় অস্ত্র।
