আগামী মাসে কম্বোডিয়ায় অনুষ্টিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাই। সেখানে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তিন দিন আগে বাফুফে থেকে এমিলি ম্যানেজার হওয়ার চিঠি পেয়েছেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজেই জানিয়েছেন তিনি।
নতুন দায়িত্ব সম্পর্কে সাবেক তারকা ফুটবলার এমিলি বলেন, ‘এক যুগের বেশি দেশের হয়ে খেলেছি। অধিনায়কও ছিলাম। ফেডারেশন আমার অভিজ্ঞতাকে মুল্যায়ন করায় ধন্যবাদ জানাই। তরুণ ফুটবলারদের আমার অভিজ্ঞতা থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর এটি নতুন দায়িত্ব আমার জন্য অবশ্যই নতুন চ্যালেঞ্জ।’
জাহিদ হাসান এমিলি ২০০৫-২০১৫ পর্যন্ত বাংলাদেশ দলের এক নম্বর স্ট্রাইকার ছিলেন। বাংলাদেশের জার্সি গায়ে দশের বেশি গোল আছে। ঘরোয়া ফুটবল খেলেছেন প্রায় দেড় যুগ। খেলা ছাড়ার পর ফুটবলসংশ্লিষ্ট কাজেই থাকছেন।
আনুষ্ঠানিক কোনো দলের দায়িত্ব এবারই প্রথম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল এখন ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলছে। এই টুর্নামেন্ট থেকে ফিরে এসে এএফসি বাছাইয়ের প্রস্তুতি শুরু হবে। ১ অক্টোবর থেকেই মূলত এমিলির দায়িত্ব শুরু।
সাকিবকে নিয়ে সুখবর দিলেন হাথুরুসিংহে
সোনালী অতীত ক্লাবের সভাপতির পদ ছাড়লেন গাফফার