প্রেমিকাকে টুকরো করে ফ্রিজে রাখার অভিযোগ, প্রেমিকের মরদেহ উদ্ধার

  • হত্যার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত প্রেমিকের মরদেহ ওড়িশা থেকে উদ্ধার
  • পুলিশের ধারণা, অন্তত দুই সপ্তাহ আগে এই তরুণীকে হত্যা করা হয়েছিল
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

ভারতের বেঙ্গালুরুতে এক তরুণীকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গিয়েছিল যে, এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন খোদ তরুণীর প্রেমিক।

তবে এবার হত্যার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত প্রেমিকের মরদেহ ওড়িশা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন তিনি। বুধবার ওড়িশার ভদ্রক জেলায় একটি গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ মিলেছে। তিনি নিহত তরুণীর সহকর্মী ও প্রেমিক ছিলেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই তরুণের নাম মুক্তি রঞ্জন রায়। তিনি বুধবারই পান্ডিতে নিজের গ্রামে পৌঁছান এবং বাড়িতেই ছিলেন। পরে রাতে প্রতিবেশীরা তাঁর ঝুলন্ত দেহ খুঁজে পায়।

এর আগে গতকাল বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকায় নিজ বাড়িতে রেফ্রিজারেটরে ২৯ বছর বয়সী ওই তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মহালক্ষ্মী নামের ওই তরুণী একটি অ্যাপার্টমেন্টে একাই বসবাস করতেন।

ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে তরুণীর পরিবারকে খবর জানান প্রতিবেশীরা। শনিবার ত্রিপুরার বাসিন্দা তরুণীর মা ও বোন বাড়িতে গিয়ে মরদেহটি দেখতে পান।  

মরদেহ গুলো ফ্রিজে থাকলেও শরীরের অনেক খন্ডিত অংশ আংশিকভাবে পচে গিয়েছিল। পুলিশের ধারণা, অন্তত দুই সপ্তাহ আগে এই তরুণীকে হত্যা করা হয়েছিল।

নিহত মহালক্ষ্মী একটি শপিংমলে কাজ করতেন বলে জানা গেছে। স্বামীর সাথ্যে বিচ্ছেদের পর একাই বসবাস করতেন তিনি। নিহতের স্বামীই হত্যার জন্য তরুণীর প্রেমিককে দায়ী করেছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কথিত প্রেমিক মুক্তি রঞ্জন রায় নিহত তরুণীর সহকর্মীও ছিল। ১ সেপ্টেম্বর থেকে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল সে। অন্যদিকে মহালক্ষ্মীর কাজের শেষ দিনও ছিল ১ সেপ্টেম্বর।

পুলিশের সন্দেহ তাকে ২ সেপ্টেম্বর বা ৩ সেপ্টেম্বর হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার উদ্দেশ্য জানতে পারেনি পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত