খুনের মামলা, পুঁজিবাজারে কারসাজি নিয়ে মুখ খুললেন সাকিব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

বাংলাদেশের ক্রিকেটের এক বর্ণময় চরিত্র সাকিব আল হাসান। বিতর্ক আর সাকিব সবসময়ই পাশাপাশি হেঁটেছে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিষ্ক্রিয়তা সাকিবকে অনেক বেশি ভূগিয়েছে। পাখির মতো গুলি করে মানুষ মারা হলেও সাকিব চুপ ছিলেন। এতে তার ওপর ভক্তদের ক্ষোভ আছে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণার দিন এসব নিয়েও কথা বললেন সাকিব।

সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে সাংসদ হয়েছিলেন সাকিব। কিন্তু গত আগস্টে তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই ঘটনার অনেক আগে থেকেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশের বাইরে ছিলেন সাকিব। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এতদিন মামলা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

আজ বৃহস্পতিবার কানপুরে নীরবতা ভেঙে বাংলাদেশি অল-রাউন্ডার বলেন, ‘কঠিন অনেক কঠিন। আমি কীভাবে (ক্রিকেটে মনোযোগ) ধরে রাখছি এটা আল্লাহই জানে। আসলে আমি নিজেও জানি না। যেটা বললেন, একটা কেইস হয়েছে। সবারই অধিকার আছে। আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের কেইস হয়েছে বা তখন আমি কোথায় ছিলাম বা আমার কাজ কী ছিল। এই বিষয়টা নিয়ে আসলে খুব বেশি কথা বলতে চাই না।’

এর মাঝেই গত মঙ্গলবার শেয়ার বাজার কারসাজির অভিযোগে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বিষয়টি নিয়ে সাকিব বলেন, ‘আরেকটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার জীবনে আমি আসলে কখনও নিজে থেকে ট্রেড করিনি। কেউ যদি বলে যদি এই ট্রেড নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। এগুলো আসলে যে কেউ যেকোনো কিছু করতেই পারে। তবে যদি একটু সুন্দর করে করত, তাহলে মনে হয় ভালো হতো। আমার জন্য মেন্টালি একটু ভালো হতো।’

বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার মনে করেন, এভাবে মিথ্যা অভিযোগ করা হলে সেটা দেশের জন্যই ভালো হবে না। তার ভাষায়, ‘মিথ্যা অভিযোগগুলা আমার মনে হয় না এটা আমাদের দেশের জন্য ভালো হবে। বিশেষ করে বাইরের দেশের মানুষ যখন আমাদের নিয়ে কথা বলবে, জিনিসগুলা খুব একটা ভালো হবে না। আমি যখন জীবনে কোনো ট্রেডই করিনি, নিজ থেকে যেই শব্দগুলাও ব্যবহার করেছে এটা আমার জন্য দুঃখজনক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত