কত দামে ইলিশ যাচ্ছে ভারতে?

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম

দুর্গাপূজা সামনে রেখে রপ্তানি অনুমতির প্রথম ১২ টন ইলিশ মাছ ভারতে প্রবেশ করেছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালানটি ভারতে গেছে। ভারতে ইলিশ রপ্তানি অনুমতির পর থেকেই দেশের বাজারে মাছটির দাম কত? আর ভারতে কত দামে রপ্তানি হচ্ছে তা নিয়ে নানা তর্ক-বিতর্ক চলছেই। তবে ভারতে প্রথম মাছের চালানটি যাওয়ার পর কত দামে ইলিশ রপ্তানি হয়েছে তা জানা গেছে। 

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার দুই আমদানিকারক প্রতিষ্ঠান আর এস এন্টারপ্রাইজ ও আর জে এন্টারপ্রাইজের তিন ট্রাকে এ ইলিশ বেনাপোল থেকে ভারতের প্রেট্রাপোল বন্দরে পৌঁছেছে। দেশের বাজারে ভালো মানের ১ কেজি বা তার থেকে ওজনের বেশি ইলিশের কেজি যখন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা তখন কত দামে ভারত যাচ্ছে এসব ইলিশ।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, রপ্তানিকারকরা ১০ মার্কিন ডলার মূল্যে প্রতি কেজি ইলিশ মাছ সরবরাহ করছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১ হাজার ২০০ টাকা। এ পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠান ১৮ মেট্রিক টন ইলিশ ছাড়াতে তাদের কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে জমা দিয়েছে। মাছের চালানের কাগজপত্র সঠিক পাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

দেশের বাজারে যখন ইলিশের দাম বাড়তি তখন ১২০০ টাকা কেজি দরে কিভাবে ইলিশ ভারতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে রপ্তানিকারকরা বলছেন, কেজি বা কেজির ওপরের ইলিশের দাম বেশি। কিন্তু আমরা যে ইলিশ পাঠাচ্ছি সেখানে সব কেজি বা কেজির ওপরের ইলিশ না। সেখানে ৬০০ থেকে ৮০০ টাকা কেজির ইলিশও রয়েছে। তাই সব মিক্সড করার পর ১২০০ টাকায় ইলিশ পাঠানো সম্ভব হচ্ছে।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তা থেকে সরে এসে শেষ পর্যন্ত ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। এই অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এ বছর ভারতে ইলিশ রপ্তানি করা হবে না বলে জানালেও পরে বাণিজ্য মন্ত্রণালয় তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়। এরপর সেটি কমিয়ে ২হাজার ৪২০ মেট্রিক টন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত