রসিক পান্তের টার্গেট যখন ‘নিরীহ’ মুমিনুল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে দেখলে যে কেউই বলবে ‘নিরীহ’ একজন মানুষ। মাঠে তার কোনো আগ্রাসন নেই বললেই চলে। ব্যাট হাতেই নিজেকে প্রমাণ করে যান। তবে সতীর্থদের মতে, এই নিরীহ মুমিনুল নাকি ড্রেসিংরুমে দুষ্টুমিতে পটু। সে যাই হোক, চলতি কানপুর টেস্টে ভারতীয় উইকেটকিপার রিশাভ পান্ত এবার টার্গেট করেছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটারকে।

ভয়াবহ সড়ক দুর্ঘটনার ধকল সামলে দেড় বছরের বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছেন পান্ত। হাঁকিয়েছেন সেঞ্চুরি। শুধু আক্রমণাত্মক ব্যাটিং ও কিপিং নয়, মজার মজার উক্তির জন্যও এই সিরিজে তিনি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন। কানপুর টেস্টে গতকাল প্রথম দিনেও মুমিনুল হককে নিয়ে এমন এক মজার মন্তব্য করেন পান্ত।

কানপুরের গ্রিন পার্কে গতকাল বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। ৪০ রানে অপরাজিত মুমিনুল এবং ৬ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন মুশফিকুর রহিম। ম্যাচের ৩৩তম ওভারে বোলিং করছিলেন ভার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই সুইপ খেলার চেষ্টা করেন মুমিনুল। ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি। বল তার ব্যাটের ওপরের কানায় লেগে হাতে লাগে।

স্টাম্পের পেছনে থাকা পান্ত এলবিডব্লুর আবেদন করলেও অশ্বিন ইঙ্গিতে বুঝিয়ে দেন, বল ব্যাটে লেগেছিল। কিন্তু ২৬ বছর বয়সী রসিক পান্ত দমে যাওয়ার পাত্র নন। তিনি বলে বসেন, ‘আমরা তার হেলমেটে (বল লাগিয়ে) থেকে এলবিডব্লু নিতে পারি, ভাই (অশ্বিনকে)।’ স্টাম্প মাইকে তার কথা ধরা পড়তেই ধারাভাষ্যকক্ষে সুনীল গাভাস্কার ও দিনেশ কার্তিক হেসে ফেলেন। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

মুমিনুলের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। এক্ষেত্রে পান্ত মুমিনুলের উচ্চতাকে নিয়ে ব্যঙ্গ করেছেন বলে মনে করেন সুনিল গাভাস্কার। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘হিন্দিতে পান্ত যেটা বোঝাতে চাইছে, হেলমেটে (বল) লাগিয়েও এলবিডব্লু নেওয়া যেতে পারে। সে আসলে মুমিনুলের উচ্চতাকে ইঙ্গিত করেছে। শুধু ঋষভ পান্তই এভাবে ভাবতে পারে।’  মুমিনুল অবশ্য পান্তের কথার কোনো জবাব দেননি। পান্তও তার চেয়ে খুব বেশি লম্বা নয়, ৫ ফুট ৫ ইঞ্চি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত