বয়সভিত্তিক দল থেকেই দ্যুতি ছড়াচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় তার। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। জাতীয় দলে তাকা ভাবা হচ্ছিল ভবিষ্যতের সাকিব আল হাসান। কারণ সাকিবের মতোই ব্যাটে-বলে দারুণ পারদর্শী তিনি। সেই সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
তাই ভারত সিরিজের টি-টোয়েন্টিতে থাকছেন না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। আর তার জায়গায় দলে জায়গা পাচ্ছেন মিরাজ। অর্থাৎ যার উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল তারই স্থলাভিষিক্ত হচ্ছেন এই অলরাউন্ডার। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বিসিবির সেই সূত্র জানিয়েছে, ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের দলও ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের প্রায় সবাই আছেন। তবে বাদ পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় আসতে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া বাঁহাতি স্পিনার হিসেবে নেওয়া হয়েছে রাকিবুল হাসানকে।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ২০১৭ সালে অভিষেক হলেও মিরাজ এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। তাকে মেকশিফট ওপেনার হিসেবেও এই ফরম্যাটে খেলানো হয়েছে, সামর্থ্যের প্রমাণও রেখেছেন। তবে পরিসংখ্যান তার হয়ে খুব একটা কথা বলবেন না। এখন পর্যন্ত ২৫ ম্যাচের ২০ ইনিংসে ব্যাট করে রান মাত্র ২৪৮। স্ট্রাইক রেট ১১৮.৬৬, আর গড় মাত্র ১৪.৫৮। সর্বোচ্চ ৪৬। এমন পরিসংখ্যানই বলে দেয় এই সংস্করণে তিনি নিজের জাত চেনাতে পারেননি এখনও। তাকে নামতে হয় ফিনিশারের ভূমিকায়, কিন্তু সেটা যথাযথভাবে প্রমাণ করতে দেখা যায়নি খুব একটা। তার ত্রিশোর্ধ্ব ইনিংসও মাত্র দুটি।
বোলিং পরিসংখ্যানও তার পক্ষে নেই খুব একটা। উইকেটসংখ্যা মাত্র ১৩টি। সর্বোচ্চ যদিও ১২ রান খরচায় ৪ উইকেট। তবে ৩ উইকেট পেয়েছেন ক্যারিয়ারে সর্বসাকুল্যে দুটি। আর ৭ ইনিংসে উইকেট পেলেও বাকি ১৬ ইনিংসেই তিনি ছিলেন উইকেটশূন্য। গড় প্রায় ৩৭, ইকোনমি ৮.২৪।
এমন পরিসংখ্যানের কারণেই গত বছরের ১৬ জুলাইয়ের পর আর টি-টোয়েন্টিতে তাকে মাঠে দেখা যায়নি। কিন্তু সাকিব যখন ঘোষণা দিলেন এই ফরম্যাট থেকে বিদায়ের, তখন আর তার বিকল্প কে হতে পারে! সেজন্যই মিরাজ আবার আসছেন টি-টোয়েন্টিতে ফিরে। তাই অলরাউন্ডার হিসেবে তিন সংস্করণেই দেখা যাবে তাকে।
পারভেজ ইমনের জাতীয় দলের হয়ে এর আগে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। অভিষেক হয়েছিল হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০২২ সালে। বাকি দুটি এশিয়ান গেমসে। ৩ ম্যাচে তার রান ২৫, সর্বোচ্চ ২৩। বাঁহাতি স্পিনার রাকিবুলও জাতীয় দলের হয়ে খেলেছেন শুধু তিনটি সীমিত সংস্করণের ম্যাচ। সবগুলোই এশিয়ান গেমসে। ঝুলিতে আছে দুটি উইকেট। সেরা বোলিং ফিগার ১২ রান খরচায় ১ উইকেট।
বিসিবির সেই সূত্রে জানা গেছে ১৫ জনের দলের বাকিরা হলেন– নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে গোয়ালিয়রে ৬ অক্টোবর। ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে হবে বাকি ম্যাচ দুটি।
গলফ কার্ট দুর্ঘটনায় পড়েননি ম্যাক্সওয়েল, লাই ডিটেক্টরে ধরা পড়ল মিথ্যাচার
কোহলিকে দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি ১৫ বছরের কিশোরের
আর্তেতা সিটির সব জানেন, পরিষ্কার জবাব চাইলেন গার্দিওলা
সড়ক দুর্ঘটনায় আহত সরফরাজ খানের ভাই মুশির