কে এই ‘হিজবুল্লাহপ্রধান’ হাশেম সাফিউদ্দিন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর প্রধান হিসেবে যে নামটি সর্বাগ্রে উঠে এসেছে সেটি হলো হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন। বার্তাসংস্থা রয়টার্স, আল জাজিরাসহ বৈশ্বিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনেও হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হিসেবে হাশেম সাফিউদ্দিনের নাম উঠে এসেছে।

হিজবুল্লাহর একটি সূত্রও জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া হাশেম সাফিউদ্দীনকে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে। হাশেম সাফিউদ্দীন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। তিনি হিজবুল্লাহর রাজনৈতিক দিকটি দেখেন। এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত আছেন তিনি। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে। 

হিজবুল্লাহতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে বিদেশী প্রতিপক্ষের শত্রুতে পরিণত করেছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সাফিউদ্দিনকে সন্ত্রাসী ঘোষণা করে।

১৯৬৪ সালে টায়ারের কাছে দেইর কানুন এন-নাহরের দক্ষিণে অবস্থিত গ্রামে জন্মগ্রহণ করেন হাশেম। প্রয়াত হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর চাচাতো ভাই তিনি। ইরানের শহর নাজাফ এবং কোমে নাসরাল্লাহর সাথে একসাথে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন তিনি, হয়ে উঠেন ধর্মীয় পণ্ডিত।

হাসান নাসরাল্লাহর মতো তিনিও মাথায় কালো পাগড়ি পরেন। ছাড়া তিনি নিজেকে মহানবী হযরত মোহাম্মদের (সা.)-এর খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সংগঠনের প্রাথমিক দিনগুলোতে হাসান নাসরাল্লাহ এবং হাশেম দুজনেই হিজবুল্লাহতে যোগ দিয়েছিলেন। এছাড়া হাসান নাসরুল্লাহর পরিবারের সঙ্গে সম্পর্ক, শারীরিক গঠন একইরকম, ধর্মীয় ব্যক্তিত্ব এবং মহানবীর বংশধর হওয়ায় তার উপরই হিজবুল্লাহর দায়িত্ব আসতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত