নাসরাল্লাহ হত্যায় যুক্তরাষ্ট্রের বোমা ব্যবহার করেছে ইসরায়েল: মার্কিন সিনেটর

  • ইসরায়েল ৯০০ কেজির ‘মার্ক ৮৪’ সিরিজের বোমা ব্যবহার করছে, জানিয়েছে মার্কিন সিনেটর
  • মার্ক কেলি বলেন, ইসরায়েল গাইডেড অস্ত্রের ব্যবহার করছে, যেগুলো যুক্তরাষ্ট্র সরবরাহ করে
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ পিএম

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার জন্য ইসরায়েলের ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্রের তৈরি ছিল। ইসরায়েল দুই হাজার পাউন্ডের (৯০০ কেজি) ‘মার্ক ৮৪’ সিরিজের বোমা ব্যবহার করছে বলে জানিয়েছেন এক মার্কিন সিনেটর।

রোববার মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব-কমিটির চেয়ারম্যান মার্ক কেলি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। এ হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে প্রথম ইঙ্গিত পাওয়া গেল তার কথায়।

মার্কিন গণমাধ্যম ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি এ হামলার বিষয়ে মার্ক কেলি বলেন, তারা গাইডেড অস্ত্রের ব্যবহার দেখছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এসব অস্ত্র সরবরাহ করে থাকে। প্রসঙ্গত, ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র শীর্ষে।

গত শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরাল্লাহকে হত্যা করেছে। তবে নাসরুল্লাহর ওপর হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এছাড়া এ বিষয়ে পেন্টাগনের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত