লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা ও কমান্ডারদের হত্যা করা হলেও ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলায় হিজবুল্লাহ প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির উপপ্রধান নেতা শেখ নাঈম কাশেম। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর প্রথমবারের মতো ভাষণ দিলেন সংগঠনটির এই নেতা। খবর আল জাজিরার।
তিনি বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত এবং এতে হিজবুল্লাহই জয়ী হবে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর চলমান লড়াইও অব্যাহত থাকবে।
হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলের ওপর নূন্যতম হামলা চালিয়েছে উল্লেখ করে কশেম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই দীর্ঘ হতে পারে।
কাশেমের এই বক্তব্যের একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবানন সীমান্তের কাছের সেনারা আকাশ, সাগর এবং স্থলপথে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত রয়েছে।
তবে ইসরায়েলের আগ্রাসনের হুমকির মুখেও হিজবুল্লাহর উপপ্রধান নেতা কাশেম বলেছেন, হিজবুল্লাহর অভিযান একই গতিতে চলে আসছে এবং গত শুক্রবার নাসরাল্লাহ হত্যাকাণ্ডের পর তা আরও বেড়েছে।
বিবিসি জানায়, কাশেম তার বক্তব্যের মধ্য দিয়ে এই স্পষ্ট বার্তাই দিতে চেয়েছেন যে, হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় নজিরবিহীন ধাক্কা খেলেও তারা অবিচল থাকবে, পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়বে।
কাশেম বলেছেন, লেবাননে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে ইসরায়েল বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করতে চাচ্ছে। তবে ইসরায়েলের এই কর্মকাণ্ডে হিজবুল্লাহ তার মূল লক্ষ্য নিয়েই চলবে।
তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ অভ্যন্তরীণ ব্যবস্থায় দ্রুতই একটি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। নতুন নেতৃত্ব বাছাই করাটাও স্পষ্ট। যত দ্রুত সম্ভব নাসরাল্লাহর জায়গায় কাউকে বসানো হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
ইসরায়েলি হামলায় পরিবারসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত