দ. লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াই

  • দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে তীব্র লড়াই চলছে হিজবুল্লাহর যোদ্ধাদের
  • স্থানীয় বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে লিতানি নদীর দক্ষিণ এলাকায় না যাওয়ার সতর্কতা
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পিএম

গেল দুই সপ্তাহ ধরে লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এবং যুদ্ধ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে লেবাননে পূর্ণদমে হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

সোমবার রাত থেকে দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমিত স্থল অভিযান শুরু করা হয়েছে বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানায় যে, ইতিমধ্যে সেখানে স্থল বাহিনী প্রবেশ করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে যে লেবাননে স্থল অভিযানে সেনাবাহিনীর অভিজাত ৯৮তম ডিভিশনকে পাঠানো হয়েছে, যাদের গত দুই সপ্তাহ আগে ইসরায়েলের উত্তর সীমান্তে মোতায়েন করা হয়েছিল। এই দলটি গাজাতে কয়েক মাস ধরে হামাসের বিরুদ্ধে লড়াই করছিল।

তবে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই স্থল অভিযান প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাঈম কাসেম।

এদিকে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে তীব্র লড়াই চলছে হিজবুল্লাহর যোদ্ধাদের। ইসরায়েলের এক সামরিক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থাটি।

এছাড়া ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচে আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াইয়ের কথা জানান। পোস্টে তিনি লেখেন, ‘দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে তীব্র লড়াই চলছে, স্থানীয় বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে লিতানি নদীর দক্ষিণ এলাকায় না যেতে এবং যানবাহনে চলাচল না করার জন্য সতর্কতা জারি করেন তিনি।

অভিযানের শুরুতে তিনি জানিয়েছিলেন যে, ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো, প্যারাট্রুপাররাও লেবাননে নির্দিষ্ট এলাকায় স্থল আক্রমণে অংশ নিয়েছে।

এদিকে লেবাননের এক নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে যে, ইসরায়েলের স্থল অভিযানের ঘোষণা এবং সৈন্যরা অভিযানের উদ্দেশ্যে লেবাননে প্রবেশের আগেই সোমবার রাতে সীমান্ত থেকে সরে গেছে লেবাননের সেনাবাহিনীরা। এরফলে এখন সীমান্ত পাহারায় শুধুমাত্র হিজবুল্লাহর যোদ্ধারা রয়েছে।

লেবানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের সেনাদের সীমান্ত থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দেশটির সেনাবাহিনী বা হিজবুল্লাহ কেউই এ তথ্যের বিষয়ে মন্তব্য করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত