সাকিবের অবসর ঘোষণায় ভীষণ অবাক হয়েছি: হাথুরুসিংহে

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম

কানপুর টেস্টের আগে থেকেই ক্রিকেটাঙ্গনে আলোচনা- এটাই সাকিবের শেষ টেস্ট কিনা? কারণ, ম্যাচটি শুরুর আগেই টেস্টকে বিদায় বলেছেন সাকিব। তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছেন। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেটা সম্ভব কিনা তা অনিশ্চিত। এদিকে সাকিবের অবসর ঘোষণায় ভীষণ অবাক চন্ডিকা হাথুরুসিংহে।

একসময়ের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব এখন ক্যারিয়ারের সায়াহ্নে। চোখের সমস্যা আর বয়স মিলিয়ে ফর্মটা ভালো নেই। বিশেষ করে ব্যাটিংটা খুবই বাজে হচ্ছে। কানপুর টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা তাই সাকিবকে নিয়েই বেশি প্রশ্ন করলেন।

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না- এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ- এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে। দক্ষিণ আফ্রিকা সিরিজকে সাকিব শেষ সিরিজ বলায় আমরা সবাই খুব অবাক হয়েছি।’

সাকিব না থাকলে তার বিকল্প নিয়ে দলের কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নে হাথুরুর জবাব, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত