আমি খুবই সৎ মানুষ: কার্লো আনচেলত্তি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:৩৫ এএম

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিলের কাছে হারের পর রিয়াল মাদ্রিদ সমর্থকেরা বেজায় চটেছেন। ১-০ গোলের এই পরাজয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ পড়ল। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি কোনো অজুহাত না দেখিয়ে নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন।

গতকাল বুধবার রাতে পিয়েরে–মাউরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির একমাত্র গোল এসেছে পেনাল্টি থেকে। প্রথমার্ধে যোগ করা সময়ে রিয়ালের বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গা হ্যান্ডবল করায় পেনাল্টি পায় লিল। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন ফরাসি ক্লাবটির ফরোয়ার্ড জোনাথন ডেভিড। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল।

খেলা শেষে আনচেলত্তি বলেন, ‘আমি খুব সৎ মানুষ। আজকের ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা ন্যায্য। আমাদের এটা মানতে হবে। আমরা এই ম্যাচে ভালো খেলিনি। রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু (হার) দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত