সাইবার নিরাপত্তা আইন বাতিল হচ্ছে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৫১ এএম

সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে বলে জানিয়েছেন আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ সংশোধনবিষয়ক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, ‘আমাদের অবশ্যই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত। সেদিকে আমরা যাব।’

সভায় আলোচক হিসেবে বিভিন্ন পেশাজীবী এ আইনের অপপ্রয়োগ, ত্রুটি ও অসংগতির বিষয় তুলে ধরেন। আলোচকদের অধিকাংশ আইনটি বাতিল করে নতুন আইনের বিষয়ে মত দেন। মতামতের আগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষে আইনের বিভিন্ন ধারা সংশোধনের খসড়া প্রস্তাব তুলে ধরা হয়। অংশীজনদের মতামত শেষে আইন উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে পুরোটা বাতিল হবে নাকি স্পিক অফেন্স সব বাতিল করে দেব সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। পরে যখন নতুন আইন হবে এটার মৌলিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া। নাগরিককে সুরক্ষা দেওয়া। সেখানে অবশ্যই নারী ও শিশুদের বিষয়টি স্পর্শকাতর বিবেচনা করে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।’ সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা আগের যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নাগরিক পরিসরে একটি ধারণা আছে, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই মামলা প্রত্যাহার করতে পারে। এটি সত্যি নয়। একটি মামলা বিভিন্ন পর্যায়ে থাকে। মামলায় কেউ দোষী সাব্যস্ত হলে তার আবেদন ছাড়া মামলা প্রত্যাহারের সুযোগ নেই।’ পর্যায়ক্রমে বাংলাদেশকে কালাকানুন মুক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বৈষম্যহীন-শোষণহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ গঠিত হয়েছে, আইন সংস্কারের মাধ্যমে জনগণ তার প্রতিফলন দেখতে পাবেন।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা পরবর্তীকালে সাইবার সিকিউরিটি অ্যাক্টে পরিণত হয়েছিল, সবার আলোচনায় এসেছে যে, এ আইনের অপ্রয়োগ হয়েছে। আমি বলব, এই অপপ্রয়োগের জন্যই আইনটি তৈরি করা হয়েছিল। ফলে এ আইনটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আইনের পেছনের মনস্তত্ত্বটা আমাদের কাছে এখন স্পষ্ট। তাই আইনটি যতভাবেই সম্পন্ন করি না কেন, এ মনস্তত্ত্বের কারণে কিন্তু মানুষের কাছে অনাস্থাটা থেকে যাবে। এটা একটা বড় সমস্যা হবে।’ তিনি বলেন, নতুন আইন হওয়ার আগে এ আইনে কোনো মামলা যাতে না নেওয়া হয়, এ সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আলোচনার ঐকমত্যের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘এ আইনটা থাকা উচিত নয়। আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলেছি যে আইনটি সংশোধনের অযোগ্য। এটি বাতিল করা উচিত। তার পেছনে আরেক কারণ আছে। এ আইনগুলো কর্তৃত্ববাদী সরকারের বিকাশের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।’

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন সাইবার নিরাপত্তা আইন ও দ-বিধিতে থাকা মানহানির শাস্তির বিধান তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সাইবার নিরাপত্তা আইনের মামলা দিয়ে কীভাবে মানুষকে হয়রানি করা হয়েছে, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ হওয়া উচিত।’

সভায় আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল নোমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নোভা আহমেদ, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান প্রমুখ।

সভায় বক্তব্য দেন ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার হয়ে ১৫ মাস কারাবাস শেষে মুক্তি পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। তিনি বলেন, ‘এ মামলার কারণে আমাকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমি এখনো ট্রমার মধ্যে আছি। আমার পড়াশোনা বিঘিœত হচ্ছে। আমি এ আইন বাতিল চাই।’

অনুষ্ঠানের শুরুতে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর প্রস্তাবিত সংশোধনী তুলে ধরেন আইন ও বিচার উপদেষ্টার একান্ত সচিব শামছুদ্দিন মাসুম। তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীর সংজ্ঞায় ‘মানহানি’র দফাটি সম্পূর্ণ রহিত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ সংক্রান্ত ১৭ ধারায় ছয় বছর কারাদ- ও ১ কোটি টাকা জরিমানা পরিবর্তে পাঁচ বছর কারাদ- ও ৫০ লাখ অর্থদ-ের প্রস্তাব করা হয়েছে। কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেমে বেআইনি প্রবেশ সংক্রান্ত ১৮ ধারায় তিন বছর কারাদ-ের পরিবর্তে দুই বছর কারাদ-ের প্রস্তাব করা হয়েছে। আইনের ২১(১) ধারায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণায় পাঁচ বছর কারাদ- ও ১ কোটি টাকা অর্থদ-ের বিধান সম্পূর্ণ রহিত করার প্রস্তাব করা হয়েছে। আইনের ২৭ ধারায় সাইবার সন্ত্রাসী কার্য-সংঘটনসংক্রান্ত অপরাধে ১৪ বছর কারাদ- ও ১ কোটি টাকা অর্থদ-ের পরিবর্তে অনধিক ১০ বছর কারাদ- ও ৫০ লাখ টাকা অর্থদ-ের প্রস্তাব করা হয়। এ ছাড়া মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারে ২৯ ধারায় ২৫ লাখ টাকা অর্থদ-ের বিধানটি সম্পূর্ণরূপে বাতিলের প্রস্তাব করা হয়েছে সংশোধনীতে। আইনের ৪৭ (ক) ধারায় মামলা দায়েরের বিষয়ে বলা হয়েছে, সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি, তার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কেউ এ আইনে মামলা করতে পারবে না বলে প্রস্তাব করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত