‘ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ’, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত শরিফের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তবে ভাঙচুরের আগে বাড়ির লোকজনকে সরিয়ে নেওয়ায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ওই নারীর বাড়িতে পানি ও কুড়াল চাওয়ার অজুহাতে পাঁচ যুবক ঢুকে তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করা হয় বলে জানা গেছে।

ঘটনার পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে শরীফ (২৩), তার ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুলকে (২২) আসামি করে গফরগাঁও থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামি রাজীবকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তসহ চারজন পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে গিয়ে বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করে তা স্তূপ করে রাখেন। এর আগেই পরিবারের সদস্য ও মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে কেউ হতাহত হয় নি। এদিকে ঘটনার বিচার ও পরবর্তী করণীয় ঠিক করতে গত রবি ও সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বৈঠকও করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন নিজের হাতে না তুলে পলাতকদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানান তিনি। বর্তমানে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত