ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী দল ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে অনেকেই এমন অপপ্রচার করছেন। তাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলামী দল ক্ষমতায় গেলে দেশ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদমুক্ত হবে। ইসলামের আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়।
রবিবার (৬ অক্টোবর) কুমিল্লা নগরীর বিশ্বরোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের মানুষের জান-মালের নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে। মানুষ কোরআনের পথে ফিরে এলে বাংলাদেশ হবে বৈষম্যহীন ও বসবাসযোগ্য নিরাপদ রাষ্ট্র। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শবান মানুষ তৈরির বিকল্প নেই। আর নীতি ও আদর্শবান মানুষ তৈরির লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
পথসভাটি কুমিল্লা মহানগরীর সভাপতি রাশেদুল ইসলাম রহমতপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সেক্রেটারি এনামুল হক মজুমদার।
