ঢাকাকে বাসযোগ্য করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন: রিজওয়ানা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম

ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘ঢাকার জন্য একটি সিটি ভিশন থাকা জরুরি। মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সবুজ জায়গা বাড়াতে হবে। তরুণদের জন্য খোলামেলা স্থান, বসার জায়গা ও খেলাধুলার সুযোগ থাকতে হবে।’

আজ সোমবার (৭ অক্টোবর) ‘বিশ্ব বাসস্থান দিবস ২০২৪’উপলক্ষে রাজধানীর রাজউক মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকাকে সবার বসবাসের উপযোগী, উন্নত ও পরিবেশবান্ধব গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। তাদের সৃজনশীলতা শহরকে বসবাসের উপযোগী করে তুলতে পারে। তার জন্যই তরুণদের রাজউকের কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদী ভাঙনের শিকারদের অধিকার নিশ্চিত করতে হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ ছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ ও যুগ্ম সচিব নায়লা আহমেদ। সভায় অতিথিরা বিশ্ব বাসস্থান দিবস উপলক্ষে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত