ইনজুরিতে এবার মিলিতাওকে হারাল ব্রাজিল

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল দলের সমস্যা বেড়েই চলেছে। অ্যালিসন বেকার ও ভিনিসিয়ুসের পর এবার চোটে ছিটকে গেলেন অভিজ্ঞ ডিফেন্ডার এদের মিলিতাও।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, বাঁ পায়ের ঊরুর পেশির চোটে ভুগছেন মিলিতাও। তাই চিলি ও পেরুর বিপক্ষে পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। মিলিতাওয়ের জায়গায় ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনোকে দলে নেওয়া হয়েছে।

সিবিএফ থেকে জানানো হয়, 'রবিবার তার কিছু পরীক্ষা করানো হয়, তাতে ডান ঊরুর পেশিতে ছোট চোট ধরা পড়েছে। এই কারণেই তিনি খেলতে পারবেন না।' লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে সাও পাওলোতে যান মিলিতাও। সেখানেই তার চোট ধরা পড়ে।

আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর পেরুর মুখোমুখি হবে তারা। ব্রাজিলের পক্ষ থেকে ভিনিসিয়ুসকে নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর, ভিনিকেও পাবে না ব্রাজিল।

বাছাইপর্বে ১০ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় আছে পাঁচে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত