শিল্পাঞ্চল আশুলিয়ায় গত কয়েক দিনের টানা শ্রমিক অসন্তোষের অস্থিরতা কাটিয়ে তৈরি পোশাক কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে ফিরেছে। সোমবার (৭ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।
এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম এ্যাপারেলস লিমিটেড কারখানায় বেআইনিভাবে কর্মবিরতি, কারখানায় ভাঙচুর, স্টাফদের মারধর ও অরাজকতা সৃষ্টি করার অভিযোগে ১২৯ জন শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।
এছাড়া সোমবার শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পাশাপাশি ৩টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
শিল্প পুলিশ জানায়, সোমবার সকাল থেকে আশুলিয়ার শিল্প কারখানাগুলোতে পোশাক শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। সারাদিনে কোথাও কোনো বিক্ষোভ বা শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলের নিরাপত্তার স্বার্থে প্রতিটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়োর আলম বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রায় শতভাগ উৎপাদনে ফিরেছে কারখানাগুলো। সারাদিনে কোথাও কোন শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। তবে সোমবারও শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ৪টি কারখানা বন্ধ ছিল এবং ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস
নোবেল পদক কী দিয়ে তৈরি?